আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সংস্থাকে ‘পাগল ও উন্মাদদের আখড়া’ হিসেবে অভিহিত করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন কোনো সামরিক বা রাজনৈতিক কর্মকর্তা কখনোই এই আদালতের বিচারের মুখোমুখি হবেন না।
ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রুবিও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র আইসিসির রোম সনদে স্বাক্ষরকারী দেশ নয়, তাই এই আদালতের কোনো সিদ্ধান্ত মার্কিন নাগরিকদের ওপর প্রযোজ্য হবে না। যারা এই বোকা সংগঠনের অংশ হতে চান, হতে পারেন। কিন্তু আমরা এতে যুক্ত হব না এবং মার্কিনিদের ওপর তাদের এখতিয়ার প্রয়োগ করতে দেব না।
যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য আইসিসিকে হুমকি উল্লেখ করে সংস্থাটি নিষ্ক্রিয় করতে সম্প্রতি নতুন কূটনৈতিক তৎপরতা শুরু করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
অন্যদিকে, চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে এমনিতেই সংকটের মুখে রয়েছে আইসিসি। আগামী শুক্রবার সদস্য দেশগুলো তাকে বরখাস্ত করার বিষয়ে ভোটাভুটি করবে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইনি পর্যবেক্ষকরা।
এরই মধ্যে আন্তর্জাতিক আদালতের কাছে দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের ওপর সহিংস আক্রমণ নিয়ে তদন্তের দাবি জানিয়ে পিটিশন দাখিল করেছেন ঘানার দুই নাগরিক। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারের বিরুদ্ধে এই অপরাধ ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনে তারা আইসিসিকে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করার আবেদন জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















