কানাডা ও রাশিয়া থেকে আরও দেড় লাখ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি কাতার থেকে কেনা হবে এক কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই আমদানি প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সভায় খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি পিস পাটের বস্তা কেনার একটি প্রস্তাবও অনুমোদন পায়।
কৃষি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এসব সার আমদানি করবে। এর মধ্যে দুটি লটে কানাডা থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) ৮০ হাজার টন এমওপি সার কেনা হবে, যার খরচ ধরা হয়েছে ৩৭৭ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া রাশিয়ার সাথে রাষ্ট্রীয় চুক্তির আওতায় আরও দুই লটে মোট ৭০ হাজার টন সার আসবে। প্রতিটি লটে ৩৫ হাজার টন করে সার আমদানিতে ব্যয় হবে যথাক্রমে ১৬৫ কোটি ৪১ লাখ এবং ১৬৫ কোটি ৫৫ লাখ টাকা। এই সার আমদানির জন্য সুপারিশকৃত দরদাতা হিসেবে রয়েছে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)।
আকাশ নিউজ ডেস্ক 























