পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জমিতে রাশিয়ার অর্থায়নে ২ থেকে ৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের একটি প্রস্তাব তুলে ধরেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠকের সময় মন্ত্রী এই প্রস্তাবটি দেন। রাশিয়ার রাষ্ট্রদূত এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে তার আগ্রহের কথা জানিয়েছেন।
বৈঠকের এক পর্যায়ে রাশিয়ার রাষ্ট্রদূত সরকার-টু-সরকার বা জি-টু-জি ভিত্তিতে বাংলাদেশে গম রপ্তানির আগ্রহ প্রকাশ করেন এবং মহেশখালীতে একটি গমের সাইলো নির্মাণের প্রস্তাব দেন। জবাবে খাদ্যমন্ত্রী জানান, রাশিয়ার পক্ষ থেকে সরকারি পর্যায়ে গম আমদানির বিষয়টি সরকার পর্যালোচনা করে দেখবে। মহেশখালীতে সাইলো নির্মাণের ক্ষেত্রে জমির স্বল্পতা একটি বড় বাধা হতে পারে উল্লেখ করে তিনি এর বিকল্প হিসেবে পায়রা সমুদ্রবন্দরের কথা প্রস্তাব করেন।
মন্ত্রী আরও বলেন, পায়রা বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় সেখানে বড় আকারের সাইলো নির্মাণ করা অনেক বেশি সুবিধাজনক। প্রাথমিকভাবে ২ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার সাইলো দিয়ে যাত্রা শুরু করে ধাপে ধাপে তা ৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে রাশিয়ার রাষ্ট্রদূতকে সরেজমিনে পায়রা বন্দর পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সাইলো নির্মাণের উপযুক্ত স্থান, অবকাঠামোগত সুবিধা ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাশিয়া থেকে আমদানি করা গম দেশে সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে স্থানীয় বাজারে গম সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি সরকারের মজুত ব্যবস্থাপনায় শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পায়রা বন্দরে এই সাইলো নির্মিত হলে তা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গম সরবরাহকেন্দ্র হিসেবে বিবেচিত হবে এবং নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে গম পরিবহণ ব্যবস্থা আরও কার্যকর হয়ে উঠবে বলে মন্ত্রী মতপ্রকাশ করেন। প্রকল্পটি দুই দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। পরে স্থানীয় বাজারে বেসরকারি আমদানিকারকদের কাছে গম বিক্রির পাশাপাশি সরকারের প্রয়োজনেও মজুত থেকে গম কেনার সুযোগ তৈরি হবে।
আকাশ নিউজ ডেস্ক 























