দলমত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে নোয়াখালীর বেগমগঞ্জকে কিশোর গ্যাং, মাদক ও ইয়াবামুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সামীমা বরকত লাকী। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বেগমগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। উপজেলার চৌমুহনীতে তারা মঞ্জিলের সামনে উপজেলা যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলুর সহধর্মিণী ও বিএনপি নেত্রী সামীমা বরকত লাকী উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন ও সদস্যসচিব মোহাম্মদ মহসিন আলম। এছাড়া নাজমুল গনি মান্না, আহসান উল্যাহ, সাদেক উল্যা, আবুল কালাম আজাদ, জুলফিকার আলী ভুট্টা, মোখলেস রহমান ছুটি, উপজেলা যুবদলের সদস্যসচিব মহিউদ্দিন রাজু এবং পৌর যুবদলের সভাপতি বাহার উদ্দিন, খোরশেদ ও সুমনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তারা মঞ্জিলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌমুহনী চৌরাস্তায় গিয়ে সমাপ্ত হয়।
আকাশ নিউজ ডেস্ক 























