আকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিজের ১৮ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রাম্য সালিশে ৩৩ বেত্রাঘাত, গলায় জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আব্দুল লতিফ (৪২) গত প্রায় দুই বছর ধরে নিজের মেয়েকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে মেয়েটি বিষয়টি তার চাচা ও জ্যাঠাদের জানায়। পরে মঙ্গলবার রাতে সেনবাগ উপজেলা জামায়াতের নেতা মাওলানা হানিফ ও ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটুর উপস্থিতিতে ভুক্তভোগীর বাড়িতে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়।
সালিশে উভয় পক্ষের বক্তব্য শোনার পর ৫-৬ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তকে ৩৩ বেত্রাঘাত করা হয়। পাশাপাশি তার গলায় জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ানো হয়।
ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটু বলেন, ‘মেয়ের অভিযোগের ভিত্তিতে তার বাবাকে ডেকে আনা হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ শাস্তি কার্যকর করা হয়েছে।’
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আকাশ নিউজ ডেস্ক 












