আকাশ জাতীয় ডেস্ক:
কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আস-সাবাহর সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এসময় সদ্য মারা যাওয়া আমির সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূত হিসেবে বাংলাদেশের সরকার, জনগণ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক জানান পররাষ্ট্রমন্ত্রী।
শেখ সাবাহর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টিও নতুন আমিরকে জানান মোমেন। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রাক্তন আমির প্রবাসী বাংলাদেশিদের প্রতি অত্যন্ত উদার ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন আমিরকে অভিনন্দন জানান এবং করোনা পরবর্তীকালে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মোমেন।
প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য কুয়েতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাৎকালে মোমেন উল্লেখ করেন, ১৯৭৪ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সদ্যপ্রয়াত আমির শেখ সাবাহ বাংলাদেশে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি’র সম্মেলনে নিয়ে গিয়েছিলেন। এটা বাংলাদেশ ও কুয়েতের সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা এবং এরপর অনেক মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
বাংলাদেশ ও কুয়েতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অধিকতর সুদৃঢ় হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এসময় নতুন আমিরকে লেখা বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দুটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী। এতে রাষ্ট্রপতি সদ্য প্রয়াত আমিরের মৃত্যুতে শোক প্রকাশ ও নতুন আমিরকে অভিনন্দন জানান।
পরে পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-মোহাম্মেদ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী কুয়েত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালু না হওয়ায় ছুটিতে বাংলাদেশে এসে আটকেপড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তার বিষয়টি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। মোমেন দ্রুততম সময়ে বাংলাদেশের সাথে কুয়েতের ফ্লাইট চালু করার অনুরোধ জানান।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দুদিন পর সভা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে উল্লেখ করেন।
সাক্ষাতে মোমেন কুয়েতকে বাংলাদেশে তেল পরিশোধনাগার স্থাপনের আহ্বান জানান এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে বিনিযোগের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এসময় বাংলাদেশের ডাক্তার, নার্স এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিরা কুয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি উল্লেখ করেন।
মোমেন কুযেতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের শ্রমিকদের কৃষিকাজে নিয়োগের পাশাপাশি কুয়েতকে বাংলাদেশ থেকে ঔষধসামগ্রী ও পিপিই আমদানির আহ্বান জানান।
এসময় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের দক্ষতার প্রশংসা করেন। রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে কুয়েতের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান আহমাদ নাসের।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী দুদিনের সফরে কুয়েতে অবস্থান করছেন। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও রয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















