রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের ফলে শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি কক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ উপনির্বাচনে চূড়ান্তভাবে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে দলীয় সিদ্ধান্তে গত ৫ অক্টোবর বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্ত তালিকায় ৫ জন প্রার্থী অবশিষ্ট থাকেন। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীরা হলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (রাষ্ট্রপতির ভাই), জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।
উপনির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন ২১ প্লাটুন বিজিবি, ২৫১ জন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সদস্য, ২২৭২ জন পুলিশ এবং ২৪০৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন কর্মী নিয়োজিত আছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৬ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং হিজড়া ভোটার ৪ জন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।
আকাশ নিউজ ডেস্ক 























