আকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে এক যুবককে প্লাস্টিকের দড়ি দিয়ে হাত-পা বেঁধে গণপিটুনি দেওয়ার পর ‘জনতার আদালত’ বসিয়ে জন্মভিটা থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মারধরে গুরুতর জখম অবস্থায় ওই যুবক এখন হাসপাতালের শয্যায় ছটফট করছেন।
মঙ্গলবার (১৬ জুন) রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থমুনিয়া সাহাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সবুজ ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে স্থানীয় জামায়াত নেতা শাহীনের নেতৃত্বে একদল বিক্ষুব্ধ জনতা সবুজকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করে। এরপর দড়ি দিয়ে তার হাত-পা শক্ত করে বেঁধে শুরু হয় গণপিটুনি। একপর্যায়ে তাকে জোরপূর্বক থুতুও খাওয়ানো হয় বলে অভিযোগ ওঠেছে।
নির্যাতনের একপর্যায়ে সেখানে বসানো হয় তথাকথিত ‘জনতার আদালত’। সেই ‘আদালত’ থেকে সবুজকে শর্ত দেওয়া হয়- যদি বেঁচে থাকতে চায়, তবে পীরগঞ্জ উপজেলা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে সেই অঙ্গীকার করে মুক্ত হন সবুজ। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের শয্যা থেকে ভুক্তভোগী সবুজ বলেন, আমার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে জামায়াত নেতা শাহীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী উদ্দেশ্যমূলকভাবে আমাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। আমি কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছি। মারধরে আমার একটি পা পঙ্গু হয়ে গেছে।
সবুজের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা। এর আগেও ৯ জুন একটি সংঘবদ্ধ দল সবুজের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়।
অভিযোগের বিষয়ে জামায়াত নেতা শাহীন বলেন, সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ৯ জুন তার বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে। এরপর সবুজ তার ব্যবসাপ্রতিষ্ঠানে মঙ্গলবার হাজির হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে গণপিটুনি দেয়।
অভিযোগ রয়েছে, সবুজ বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইফুল আলমসহ তিনজনের আশ্রয়ে মাদক কারবার চালিয়ে আসছিল।
তবে এই প্রসঙ্গে বিএনপি নেতা সাইফুল বলেন, কিছু উগ্র সংগঠনের সদস্যরা ব্যক্তিগত ও পারিবারিক আক্রোশে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাইফুল আরও দাবি করেন, তার স্ত্রী সাজেদা বেগমকে সৈয়দপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী ঘোষণা করায় ওই চক্রটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল প্রামাণিক জানান, সবুজের বিরুদ্ধে অতীতে মাদক কারবারের অভিযোগে মামলা রয়েছে। তবে ওসির এই বক্তব্য প্রসঙ্গে ভুক্তভোগী সবুজ জানান, অতীতে তার বিরুদ্ধে মামলা হলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি অনেক আগেই সেই মামলা থেকে খালাস ও মুক্ত হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 


















