রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে টঙ্গী নৌ পুলিশ। গত ২৭ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে বুধবার বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, বুধবার বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির লাশ উদ্ধার করে। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাহসিফ সৌরি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবার থাকতেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল। মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইন অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন হলে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তাহসিফ সৌরির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, প্রতিবেদন পাওয়ার পরেই এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে। বর্তমানে পুলিশ এ ঘটনার আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
উল্লেখ্য যে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশ ছাড়ার একটি ভিডিও ধারণ এবং প্রকাশের ঘটনায় তাহসিফ সৌরির সম্পৃক্ততার কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছিল। এ ঘটনায় তার পরিচয় বেশ আলোচিত হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 























