জীবন বাঁচানোর শেষ ভরসা হিসেবে রোগীরা হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসা ও যত্নের বদলে যদি নিরাপত্তাহীনতার কারণে প্রাণ দিতে হয়, তবে সেটি নিছক দুর্ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সম্প্রতি বগুড়া ও ঢাকায় হাসপাতালের জানালা থেকে পড়ে মৃত্যুর দুটি মর্মান্তিক ঘটনা হাসপাতালগুলোর কাঠামোগত দুর্বলতা ও চরম অবহেলাকে সামনে নিয়ে এসেছে। প্রশ্ন হচ্ছে, মানুষের জীবন রক্ষার দায়িত্ব যাদের, তাদের অবহেলায় হাসপাতালেই যদি মানুষের মৃত্যু হয়, তাহলে দায় নেবে কে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবার রাতে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। জ্বর ও মাথাব্যথা নিয়ে ভর্তি হওয়া ৬৫ বছর বয়সী শিরিন বেগম হাসপাতালের ছয়তলার মেডিসিন বিভাগের খোলা জানালা দিয়ে নিচে পড়ে মারা যান। পুলিশি অনুসন্ধানে দেখা গেছে, ওই জানালার কোনো নিরাপত্তা গ্রিল ছিল না। এর আগে গত মাসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের আটতলা থেকে পড়ে প্রাণ হারায় ১৫ বছর বয়সী কিশোরী সামিয়া নুর। সে তার মায়ের অস্ত্রোপচারের সময় হাসপাতালের ওয়ার্ডে অবস্থান করছিল। একটি বড় জানালার মতো খোলা জায়গায় বসে থাকা অবস্থায় অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়। অসুস্থ শরীর নিয়ে ভর্তি হওয়া একজন রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন চিকিৎসা, নিরাপত্তা ও যত্ন।
হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে যেখানে শিশু, প্রবীণ ও শারীরিকভাবে দুর্বল রোগীরা চিকিৎসাধীন থাকেন, সেখানে নিরাপত্তার বিষয়ে সামান্যতম গাফিলতিরও অবকাশ নেই। প্রতিটি বারান্দা ও জানালার সুরক্ষা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্বের অংশ। ছয়তলা বা আটতলার মতো উঁচু স্থানে গ্রিলহীন খোলা জানালা থাকা কোনো সাধারণ কারিগরি ত্রুটি নয়, বরং এটি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্বহীনতার চরম নিদর্শন।
এসব ঘটনার পর সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি জোরালো হচ্ছে। শুধু পুলিশের তদন্তের ওপর নির্ভর করে হাসপাতাল প্রশাসন নিজেদের দায়মুক্ত করতে পারে না। কেন এসব ভবনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না, কার গাফিলতিতে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা রয়ে গেছে এবং এই ঝুঁকির বিষয়টি আগে নজরে এসেছিল কি না, তা বিশদভাবে তদন্ত করা জরুরি। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, প্রকৌশল বিভাগ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে, দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে সব জানালা, বারান্দা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান পরীক্ষা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কোনো বিকল্প নেই।
আকাশ নিউজ ডেস্ক 

























