নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী কাছারি বাড়ি এলাকায় এ সহিংসতা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, ওই সময় একদল নেতা-কর্মী প্ল্যাকার্ড হাতে কাছারি বাড়ি মসজিদের সামনে জড়ো হন এবং সেখান থেকে মিছিলটি বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলের এক পর্যায়ে নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের মূল ফটকের সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় কার্যালয়ের দুটি জানালার কাচ ও একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় পাঁচ মিনিট ঘটনাস্থলে অবস্থান করার পর হামলাকারীরা চলে যান। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল থেকে ব্যাংকের কার্যালয়ে পরিকল্পিতভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ, ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং তাঁদের দেওয়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি শামসুজ্জামান।
আকাশ নিউজ ডেস্ক 
























