ডিসেম্বর মাসকে ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছে সংস্থাটি। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
খুলনার বর্তমান পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত কয়েক দিনে সেখানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি-৬-এর বিভিন্ন দল ইউনিফর্মে এবং সাদা পোশাকে দায়িত্ব পালন করছে। খুলনায় অপরাধী ও অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনতে নিয়মিত বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে গত কয়েক দিনে বেশ কয়েকটি সফল অপারেশন সম্পন্ন হয়েছে, যদিও সব অভিযানের বিশদ তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
গোয়েন্দা তথ্যের গোপনীয়তা ও অপরাধীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রসঙ্গে ইন্তেখাব চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্যগুলো সংবেদনশীল হওয়ায় তা প্রকাশ্যে জানানো সম্ভব নয়, কারণ তাতে কার্যক্রমের গোপনীয়তা নষ্ট হয়। কোনো অপরাধের তথ্য পাওয়ার পরপরই গোয়েন্দা দলগুলো মাঠে নামে এবং চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে আলামত সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের পর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সন্ধ্যা ও রাতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে মোবাইল টহল ও পায়ে হেঁটে টহল দেওয়ার মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূলত ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঝুঁকি বা অপরাধ সংগঠনের প্রবণতা বেশি দেখা যায়, সেসব সময় বিশ্লেষণ করে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সামগ্রিক এই প্রক্রিয়ার মাধ্যমে দেশবাসীকে নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করছে এসআরবি।
আকাশ নিউজ ডেস্ক 
























