প্রখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি দুর্লভ চিত্রকর্ম ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয়েছে। ‘শাতানিয়ে আঁ ফ্লর’ বা চেস্টনাটগাছে ফুল শিরোনামের এই ছবিটি ১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ এলাকায় এঁকেছিলেন শিল্পী। বুধবার নিউইয়র্কের নিলামে এটি বিক্রির মধ্য দিয়ে ভ্যান গঘের কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি নিলাম মৌসুমে এ পর্যন্ত বিক্রি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যেও এটি সবচেয়ে দামি। পাশাপাশি তিনি জানতে চেয়েছিলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক, পরিবারটি ছবিটি বিক্রি করত কি না।
নিলামের আয়োজক প্রতিষ্ঠান সদবি’সের তথ্যমতে, ছবিটি কিনেছেন খ্যাতনামা শিল্পকর্ম ব্যবসায়ী এবং অ্যাকুয়াভেলা গ্যালারিজের প্রধান উইলিয়াম অ্যাকুয়াভেলা। নিলামে ভ্যান গঘের চিত্রকর্মের আগের রেকর্ডটি ছিল ১১৭ দশমিক ২ মিলিয়ন ডলারের, যা ২০২২ সালের নভেম্বরে ক্রিস্টি’সের নিলামে বিক্রি হয়েছিল। তবে ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে আগের কিছু বিক্রির অংক প্রায় ১৯০ মিলিয়ন ডলারের কাছাকাছি ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ১৮৮৮ সালে আঁকা ‘অরচার্ড উইথ সাইপ্রেসেস’ শিরোনামের ছবিটি ২০২২ সালের নভেম্বরে নিউইয়র্কে ক্রিস্টি’সের নিলামে বিক্রি হয়েছিল।
এই ছবিটির মালিকানা নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধ ছিল। জার্মানির বিখ্যাত প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে প্যারিস থেকে এটি সংগ্রহ করেছিলেন, কিন্তু ১৯৩৬ সালে তাঁর পরিবার ছবিটি বিক্রি করতে বাধ্য হয়। উত্তরাধিকারীদের অভিযোগ ছিল, নাৎসি শাসনের সময় তীব্র আর্থিক সংকটের মুখে পড়ে তারা ছবিটি হাতছাড়া করতে বাধ্য হয়েছিলেন। এরপর অর্ধশতাব্দীর বেশি সময় ধরে ছবিটি তাদের মালিকানায় রয়েছে।
১৯৭৫ সাল থেকে ছবিটি ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের সংগ্রহে ছিল। তবে ছবিটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও নাৎসি আমলের নিপীড়নের বিষয়টি সামনে আসার পর উত্তরাধিকারীরা এর নিলাম নিয়ে আপত্তি জানিয়েছিলেন। ছবিটির বৈধতা ও বিক্রির যৌক্তিকতা নিয়ে ফিশার পরিবারের পক্ষে আইনজীবী গুনার শনাবেল সদবি’সের কাছে তথ্য ও প্রমাণ চেয়েছিলেন।
অবশেষে নিলামের আগে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার এবং স্যামুয়েল ফিশারের উত্তরাধিকারীদের মধ্যে একটি আস্থাপূর্ণ ও ন্যায্য সমঝোতা হয়েছে। এই সমঝোতার ফলে ছবিটি নিলামে তোলার পথ প্রশস্ত হয়। বিক্রির পর ফিশার পরিবারের উত্তরাধিকারীরা এক বিবৃতিতে সদবি’স ও ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইনজীবী গুনার শনাবেল জানান, নাৎসি আমলের এই নিপীড়নের সুষ্ঠু ও ন্যায়সংগত সমাধান অন্য ভুক্তভোগী পরিবারগুলোকেও ভবিষ্যতে আশাবাদী করে তুলবে। এর মধ্য দিয়ে ফিশার পরিবারের ওপর হওয়া অন্যায়ের স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























