বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, শুধু আর্থিক লেনদেন নয়, বরং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে এই জনগোষ্ঠীর অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ আদিবাসী ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে তাদের ভূমির অধিকার, আত্মপরিচয়ের অধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের ওপর সংঘটিত নির্যাতন, গুম, খুন ও শারীরিক নিপীড়নের পেছনে রাষ্ট্রীয়, রাজনৈতিক এবং সামরিক ও আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহার দায়ী। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও তাদের অধিকারের লড়াই এখনো চলমান। গত ২৫ বছরে কিছু অর্জন থাকলেও প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যাপক ব্যবধান রয়ে গেছে। কিন্তু এ লড়াই ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য এই সংগঠন জরুরি।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বাহিনীর সদিচ্ছা থাকলে তারা অর্জিত আন্তর্জাতিক সুনাম দেশের ভেতরেও ধরে রাখতে পারে। তবে এই সংকটের সমাধান কেবল কোনো রাজনৈতিক শক্তি বা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ সময় তিনি সমতলের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন আরও দৃঢ়ভাবে, সক্রিয়তার সঙ্গে এগিয়ে নিতে বলেন তিনি। সেনাবাহিনীকে বাদ দিয়ে পার্বত্য অঞ্চলে শান্তির কথা ভাবা যায় না।
সম্মেলনে সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং আদিবাসী ফোরামের পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সাংবিধানিক স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক-সামাজিক মর্যাদা, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন, সমতলের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয়দের সম্মতি ছাড়া উন্নয়ন প্রকল্প বন্ধ করা, নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা, আন্তর্জাতিক সনদ বাস্তবায়ন এবং শিক্ষা ও চাকরিতে কোটা সংরক্ষণ।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও আদিবাসীরা রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। শত বছরের লড়াইয়ের পরেও তাদের অধিকারের প্রশ্নটি এখনো অমীমাংসিত। বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন অভিযোগ করে বলেন, রাষ্ট্র আদিবাসীদের সুরক্ষার পরিবর্তে অনেক ক্ষেত্রে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষণের সাথে সাংঘর্ষিক।
এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা উল্লেখ করেন, মূলধারার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। সরকারের ‘রেইনবো জাতি’ বা রামধনু রাষ্ট্রের প্রতিশ্রুতি কেবল নির্বাচনী ইশতেহারে সীমাবদ্ধ না রেখে তার পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী সংহতি বক্তব্যে বলেন, আদিবাসীরা নিজেদের অধিকার নিয়ে কথা বললেই তাদের রাষ্ট্রবিরোধী হিসেবে চিত্রিত করা হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি পাহাড় ও সমতলের মানুষের সাংবিধানিক স্বীকৃতির পক্ষে অবস্থান নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এ মৃ। তিনি বলেন, এই সংগঠন আদিবাসীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মূল হাতিয়ার। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদেরই ভবিষ্যতে আদিবাসী ফোরামের নেতৃত্বের হাল ধরতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজ্জ্বল আজিম ও ফাল্গুনী ত্রিপুরা। আয়োজকদের লক্ষ্য হলো, আগামী দিনে এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে সব জাতিগোষ্ঠীর মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা। সঞ্জীব দ্রং সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে বাঙালির মতো ক্ষুদ্র আদিবাসী শিশুরাও সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে এবং সুন্দর ভবিষ্যত গড়ার সমান সুযোগ পাবে।’। তিনি তরুণদের আহ্বান জানান, আদিবাসী ফোরামে নেতৃত্ব হাতে নেওয়ার জন্য তাঁরা যেন প্রস্তুত থাকেন।
আকাশ নিউজ ডেস্ক 
























