রাজধানীর গুলশান ও বনানী এলাকার পাঠকদের বইয়ের সান্নিধ্যে নিয়ে আসার লক্ষ্যে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা। আজ বুধবার রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে অবস্থিত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। সকাল থেকেই ব্র্যাক ব্যাংকের কর্মীরা মেলা প্রাঙ্গণে ভিড় করছিলেন।
অনুষ্ঠানটিতে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন এবং চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর। এ ছাড়া প্রথমার পক্ষ থেকে মেরিনা ইয়াসমিনসহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। মেলার জন্য ব্যাংকের নিচতলার খোলামেলা জায়গায় বইয়ের র্যাক ও টেবিল সাজিয়ে সুদৃশ্য স্টল তৈরি করা হয়েছে, যেখানে পাঠকেরা সহজেই নিজেদের পছন্দের বই খুঁজে নিতে পারছেন।
সৃজনশীল সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা ও ভ্রমণবিষয়ক বইসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনীর বাংলা ও ইংরেজি ভাষার বইয়ের এক সমৃদ্ধ সমাহার থাকছে এই প্রদর্শনীতে।
বই কিনতে আসা আগ্রহীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। বিক্রয় প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, প্রথমার বইয়ে ২৫ শতাংশ, বিদেশি বইয়ে ৫ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এর বাইরে ব্র্যাক ব্যাংকের কিউআর কোড ব্যবহার করে কেনাকাটা করলে বাড়তি ২ শতাংশ ছাড়ের সুযোগ মিলছে।
মেলা সবার জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বইপ্রেমীরা এই আয়োজনে অংশ নিতে পারবেন। কর্মব্যস্ততার কারণে আলাদা করে বই কিনতে যাওয়ার সময় পান না এমন অনেক চাকরিজীবী ও দর্শনার্থী মেলায় এসে বেশ খুশি। ব্যাংকটির মানবসম্পদ বিভাগের কর্মী অনুপমা জামান জানান, কর্মস্থলের নিচতলায় এমন বইয়ের আয়োজন খুব সময়োপযোগী একটি উদ্যোগ। দুই দিনব্যাপী এই আয়োজনে নিয়মিত বিরতিতে তারা নিজেদের পছন্দের বইগুলো দেখে ও যাচাই করে কেনার সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, দিনের কর্মব্যস্ততা কাটিয়ে আলাদা করে বই কিনতে যাওয়ার সময় বের করা বেশ কষ্টকর।
আকাশ নিউজ ডেস্ক 






















