ফরিদপুরের বোয়ালমারীতে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে বায়জিদ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফাবাড়ি ঈদগাহের গণিখার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার মা বাতাসী বেগমও আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দাদার ফাতিহা ও দোয়া মাহফিলে যোগদানের উদ্দেশ্যে মা বাতাসী বেগমকে নিয়ে অটোভ্যান চালিয়ে যাচ্ছিলেন বায়জিদ। পথিমধ্যে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারে আঘাত করে। এতে মা ও ছেলে দুজনেই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















