দেশের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ঝুঁকি প্রকট হয়ে ওঠায় বড় ধরনের সুরক্ষা কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সব সচল বিমানবন্দরে একটি আধুনিক ও কার্যকর পাখি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে সংস্থাটি। এর অংশ হিসেবে নতুন সরঞ্জাম কেনা, জনবল নিয়োগ ও বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা হবে।
বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মো. নূর-ই-আলম জানান, দেশের আটটি বিমানবন্দরে পাখির উপদ্রব মোকাবিলায় ২৬টি নতুন পাখি তাড়ানোর বন্দুকের চাহিদা নিরূপণ করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ছয়টি, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের জন্য চারটি করে এবং রাজশাহী, সৈয়দপুর, যশোর ও বরিশাল বিমানবন্দরের জন্য দুটি করে বন্দুক প্রয়োজন। বর্তমানে বেবিচকের বহরে ১১টি বন্দুক থাকলেও সচল রয়েছে মাত্র দুটি। অকেজো বন্দুকগুলোর বিপরীতে নতুন সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি বিদ্যমানগুলোর লাইসেন্স নবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।
জনবল সংকট নিরসনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণে মাত্র ১০টি পদ অনুমোদিত থাকলেও সেখানে কাজ করছেন মাত্র চারজন কর্মী। অথচ প্রয়োজন ৬৪ জন। নতুন কাঠামো অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে ১১ জন করে এবং বাকি চারটিতে পাঁচজন করে কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও যশোর বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনী পাখি নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। এছাড়াও বিমানবন্দরের আশপাশে ঝোপঝাড় পরিষ্কার এবং আবর্জনা ও উচ্ছিষ্ট ফেলার স্থান অপসারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সহায়তা চাওয়া হয়েছে।
পরিসংখ্যান বলছে, গত ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ২১২টি ঘটনা ঘটেছে। গত বছরের পুরো সময়ে এ সংখ্যা ছিল ২৩৯টি। এর মধ্যে কেবল শাহজালাল বিমানবন্দরেই চলতি বছর ১৬৮টি পাখির আঘাতের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গত বছরের ১৫৭টি ঘটনাকেও ছাড়িয়ে গেছে। শীতকালে পাখির চলাচল বৃদ্ধি পাওয়ায় ইঞ্জিন বিপর্যয়, শিডিউল বিপর্যয় ও জরুরি অবতরণের মতো ঝুঁকি এড়াতে দ্রুত এই কার্যকর পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে চায় বেবিচক। ২০২৫ সালের পুরো বছরে এ সংখ্যা ছিল ২৩৯টি। পাখির সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়া, ফ্লাইটের সময়সূচি ব্যাহত হওয়া এবং জরুরি অবতরণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 





















