আকাশ জাতীয় ডেস্ক:
একটু বৃষ্টি হলেই হতদরিদ্র ভিক্ষুক নাজিম উদ্দিনের ঘরে পানি পড়তো। ভিজে একাকার হতো সব। ঘর মেরামত করতে দুই বছর ধরে ১০ হাজার টাকাও জমিয়েছিলেন তিনি। এই করোনা মহামারিতে কর্মহীন মানুষের কষ্ট সইতে না পেরে সেই টাকা সরকারের ত্রাণ তহবিলে দান করে দেন নাজিম উদ্দিন। এতদিনের কষ্টের জীবন শেষে ভেন্নাপাতার ছাউনির মতো ঘর ছেড়ে দৃষ্টান্ত স্থাপনকারী সেই ‘দাতা ভিক্ষুক’ আগামীকাল রবিবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আধুনিক পাকা বাড়িতে উঠবেন। নতুন ঘরের চাবি তুলে দেয়া হবে তার হাতে।
সরকারের ত্রাণ তহবিলে হতদরিদ্র ভিক্ষুক নাজিম উদ্দিনের দানের খবরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তিনি এই ভিক্ষুকের উদারতায় খুশি হয়ে নিজের তহবিল থেকে উপহার হিসেবে জমি, ঘর এবং দোকান করে দেয়ার ব্যবস্থা করেন।
নাজিম উদ্দিন যে ঘরটিতে এতদিন ছিলেন সেটি মূলত সরকারের খাস জমিতে ছিল। এটি ভিক্ষুক নাজিম উদ্দিনও এতদিন জানতেন না। সরকারের এই খাস জমিটিও ভিক্ষুক নাজিম উদ্দিনের নামে বরাদ্দ দেয়া হয়েছে। নাজিম উদ্দিন যে ঘরে থাকতেন সেই জমি কিছুটা সম্প্রসারণ করে ১৫ শতাংশ জমি তার নামে বরাদ্দ দিয়েছে সরকার।
নাজিম উদ্দিনকে যাতে আর কখনো ভিক্ষে করতে না হয় সেজন্য তাকে একটি দোকানও করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় হতদরিদ্র ভিক্ষুক নাজিম উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে এবং ইতিমধ্যে তার অসুস্থ মেয়ের চিকিৎসাও করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার পেয়ে খুশি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন বলেন, ‘ঘর রেডি হইছে। কাল নতুন ঘরে তুলে দেবো, ডিসি সাব আইবো। ঘর পছন্দ হয়েছে। খুশি হইছি দেইখা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে তিনি বলেন, ‘এ রকম প্রধানমন্ত্রী আমার ৮২ বছর বয়সে আর কহনো দেহি নাইকা। মনে করন আমি তো করোনার জন্য ট্যাহাডা দিছি। সেখানে খুশি হইয়া প্রধানমন্ত্রী আমাকে যে উপহার দিছে, খুব আমি খুশি হইছি। ঘরবাড়ি সব দিল। আমি আর কোনো কিছু চাই না।’
‘আমি দোয়া করি আল্লাহ তারে (প্রধানমন্ত্রী) দীর্ঘদিন বাঁচায়ে রাখুক। যতদিন বেঁচে থাকে ততদিন আল্লাহ তারে আজত্ব (দেশ শাসন) করার সুযোগ দিক।’
নাজিম উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে দেখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে ওনাকে (ভিক্ষুক নাজিম উদ্দিন) একটা বাড়ি উপহার দিয়েছেন। বাসার চাবি আমরা হস্তান্তর করবো কালকে (রবিবার)। ওনাকে আমরা নতুন ঘরে তুলে দেবো।’
ভিক্ষুক হয়েও কষ্টের জমানো টাকা দান করে দিয়ে নজির স্থাপন করায় বিভিন্ন সময় নাজিম উদ্দিনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিক্ষুক নাজিম উদ্দিন সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তিনি (ভিক্ষুক নাজিম উদ্দিন) সারা বিশ্বে মহৎ দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এত বড় মানবিক গুণ, অনেক বিত্তশালীর মধ্যেও দেখা যায় না। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
আকাশ নিউজ ডেস্ক 



















