আকাশ জাতীয় ডেস্ক:
করোনাভাইরাস মোকাবেলায় যারা সম্মুখে থেকে যুদ্ধ করছেন তাদের সুরক্ষা জরুরি। চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী ও সংবাদকর্মীরা অসীম সাহসিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রোববার দুপুরে খুলনা সার্কিট হাউসে এ কথা বলেন।
তিনি এ সময় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী ও কৃষকদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেন।
সচিব বলেন, জীবনের সুরক্ষা সবার আগে। আমরা যেন কোনো অবস্থাতেই কোভিড-১৯-এ আক্রান্তদের প্রতি অমানবিক আচরণ না করি। একটু সহানুভূতি তাদের মনোবল বৃদ্ধিতে অনেক সহায়ক হবে।
তিনি পিপিই-এর সঠিক এবং প্রয়োজনমতো ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, সবার এন-৯৫ মাস্ক পরার দরকার নেই। শুধু চিকিৎসকরা এটা ব্যবহার করবেন। সচেতনতা ও সতর্কতাই বেশি প্রয়োজন।
পিপিই বিতরণকালে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 





















