বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র কেন্দ্রীয় চরিত্রে আলিয়া ভাট দারুণ অভিনয় করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। সিনেমাটি নিয়ে ভক্তদের এক মন্তব্যের প্রেক্ষিতে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে এমনটাই বললেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তির কাছে জানতে চাওয়া হয়েছিল, সুযোগ পেলে তিনি গাঙ্গুবাই চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন কি না। উত্তরে অভিনেত্রী আত্মবিশ্বাসের সাথে বলেন, তার বিশ্বাস তিনিও চরিত্রটির প্রতি সুবিচার করতে পারতেন। তবে একইসাথে তিনি আলিয়া ভাটের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে জানান, আলিয়ার কাজ তার সবসময়ই পছন্দের।
উল্লেখ্য, এস হুসেন জায়েদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ বইয়ের আলোকে নির্মিত এই সিনেমায় এক তরুণীর যৌনপেশায় জড়িয়ে পড়া এবং পরবর্তীতে মুম্বাইয়ের প্রভাবশালী হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে।
অন্যদিকে, কীর্তি সুরেশ বর্তমানে তার আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’ নিয়ে আলোচনায় রয়েছেন। ধর্মরাজ শেঠি পরিচালিত এই সিরিজে তার সাথে দেখা যাবে রাধিকা আপ্তেকে। কাল্পনিক রাজ্য পেরনুরুকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজটি ক্ষমতার দ্বন্দ্ব ও উত্তরাধিকারের লড়াইয়ের গল্প বলবে। আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























