গ্রাহকদের দোরগোড়ায় জীবনবিমা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের মুরাদপুরে নতুন আঞ্চলিক কার্যালয় চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। সম্প্রতি নগরীর মুরাদপুর এলাকার এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। নতুন এই কার্যালয় চালুর মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের বিমা গ্রাহকেরা আরও সহজে সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এই আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন করপোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাফিস এ আহমেদ বলেন, নতুন এই কার্যালয়ের মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে। তিনি আরও বলেন, জীবনবিমা শুধু আর্থিক সুরক্ষার মাধ্যম নয়, বরং এটি ব্যক্তি ও পরিবারের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় সেবা প্রদান এবং আস্থার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানের।
কার্যালয়টি চট্টগ্রামের মুরাদপুরের সিডিএ অ্যাভিনিউয়ের ৩৬/৭ নম্বর ঠিকানায় অবস্থিত এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় অবস্থিত। নতুন অফিস ঠিকানা হলো এ কে ট্রেড সেন্টার, ৩৬/৭, সিডিএ অ্যাভিনিউ, ষষ্ঠ তলা, মুরাদপুর, চট্টগ্রাম।
আকাশ নিউজ ডেস্ক 























