শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের জন্য এই সুবিধা উন্মুক্ত করা হয়। এক বিজ্ঞপ্তিতে জাদুঘর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রবেশমুখ থেকেই মিলবে সেবা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনার্থীরা জাদুঘরের প্রবেশমুখ থেকেই সরাসরি হুইলচেয়ার সেবা নিতে পারবেন। দর্শনার্থীর সঙ্গে পরিবারের সদস্য বা স্বজন থাকলে তাঁরা নিজেরা হুইলচেয়ার পরিচালনা করে পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন।
- স্বজন ছাড়া একা আসা দর্শনার্থীদের সহায়তা করবেন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা।
- জাদুঘরের সব প্রদর্শনী কক্ষ ও অবকাঠামো হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বাধাহীন রাখা হয়েছে।
মহাপরিচালকের বক্তব্য
জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর এ দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক কোনো সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানা ও জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্যই এই বিশেষ সেবা যুক্ত করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























