যুক্তরাষ্ট্রের সিনেটে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব নাকচ হয়ে গেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি পরাজিত হয়। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোল্যুশনের আওতায় উত্থাপিত এই প্রস্তাবটি পাস হলে ট্রাম্পকে যেকোনো সামরিক অভিযান বন্ধ করতে অথবা তা চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন নিতে হতো। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এই প্রস্তাবটি ২২০-২০৪ ভোটে অনুমোদিত হয়েছিল।
সিনেটের এই ভোটাভুটি ছিল মূলত দলীয় আনুগত্যের প্রতিফলন। তবে ব্যতিক্রম ছিলেন তিনজন রিপাবলিকান সিনেটর—মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাওস্কি এবং কেনটাকির র্যান্ড পল, যারা প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে, ডেমোক্র্যাটিক পার্টির সদস্য হয়েও পেনসিলভানিয়ার জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। তিনি তার দলের মূলধারার থেকে নিজেকে দূরে রেখে ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সমর্থন ব্যক্ত করেছেন।
কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা খর্ব করার এটিই প্রথম প্রচেষ্টা নয়। এর আগেও এমন অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি গত জুনে সিনেটে পাস হয়েছিল। তবে এবারের প্রস্তাবটি প্রতীকী হিসেবে বিবেচিত হচ্ছিল এবং এর কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। অথচ মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একচ্ছত্র ক্ষমতা শুধুমাত্র কংগ্রেসেরই রয়েছে।
ইরানের সঙ্গে এই সামরিক উত্তেজনা নিয়ে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দিয়েছে। মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিনি চান কংগ্রেস এমন আইন করুক যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা যায়। এই দাবির পক্ষে ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান ভোটার মত দিয়েছেন। এছাড়া ইউগভের আরেকটি জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ মার্কিনি যুদ্ধের পক্ষ নেওয়া প্রার্থীদের সমর্থন করার বিষয়ে অনিচ্ছুক। অন্যদিকে মাত্র ১৩ শতাংশ নাগরিক যুদ্ধের সমর্থক প্রার্থীদের পক্ষে রয়েছেন। বিপরীতে ১৩ শতাংশ বলেছেন, যুদ্ধের সমর্থক প্রার্থীদের প্রতি তাঁদের সমর্থনের সম্ভাবনা বেশি। যদিও সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমতকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবটি উত্থাপনকারী ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন দীর্ঘকাল ধরেই যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধারের কথা বলে আসছেন। তিনি আইনপ্রণেতাদের এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। টিম কেইনের মতে, ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফলের মধ্যেই যুদ্ধের প্রতি জনগণের এই গভীর অসন্তোষ ও উদ্বেগের প্রতিফলন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে খাদ্য ও জ্বালানিসহ নিত্যপণ্যের ক্রমবর্ধমান দাম নিয়েও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। ভোটের আগে টিম কেইন বলেন, ‘৩ নভেম্বরের নির্বাচনের ফলাফলে যুদ্ধটির প্রতি জনগণের অসন্তোষ একেবারে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।’।
আকাশ নিউজ ডেস্ক 
























