চট্টগ্রামের হাটহাজারীতে মায়ের সঙ্গে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আবির হোসেন (১৬) নামে এক কিশোর। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়াবাজার এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানিয়েছে, জনতা কনভেনশন হল থেকে বেরিয়ে মহাসড়কে দাঁড়াতেই দ্রুতগতির একটি হাইয়েস মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবির উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাপ্পি রহমানের ছেলে এবং সে পেশায় নির্মাণশ্রমিক ছিল। যে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পাশের সড়কে দাঁড়াতেই ওই কিশোরকে চাপা দেয় একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটির চালক ও মালিককে শনাক্ত করার জন্য হাইওয়ে পুলিশ কাজ শুরু করেছে। সে নির্মাণশ্রমিকের কাজ করত বলে জানিয়েছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























