নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করতে পাকিস্তান সফর করেছেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লাখউইয়া’-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানি। পাকিস্তান সফরকালে তিনি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে পৃথক ও বিস্তারিত আলোচনায় অংশ নিয়েছেন।
সফরকালে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লাখউইয়া’ এবং পাকিস্তানের ‘ফেডারেল কনস্ট্যাবুলারি’-র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন শেখ খলিফা বিন হামাদ এবং মহসিন নাকভি। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কাতারি স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির প্রতি শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের প্রতি কাতারি নেতৃত্বের অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পাকিস্তানের জ্বালানি চাহিদা মেটাতে কাতার কর্তৃক নিরবচ্ছিন্ন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের বিষয়টির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদ দমন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন কাতারি স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে ফিল্ড মার্শাল মুনিরও কাতারের সাথে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা ও কারিগরি অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























