মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে সামরিক অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে ভয়াবহ সহিংসতার মাধ্যমে প্রাণ কেড়ে নেয়া হয়েছিল বলে প্রমাণ পেয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ওই সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হামলা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং রোহিঙ্গাদের বসতবাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগে লিপ্ত ছিল। গাম্বিয়ার দায়ের করা এই গণহত্যার মামলার রায় বৃহস্পতিবার পড়া শুরু করেছেন আদালতের প্রেসিডেন্ট ও বিচারক ইওয়াসাওয়া ইউজি।
বিচারক ইওয়াসাওয়া ইউজি তার পর্যবেক্ষণে জানান, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে নিধন করা হয়েছিল—এমন দাবির পক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থানে চালানো নির্বিচার অভিযান, পুরুষদের আলাদা করে ফেলা, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার মতো ঘটনার অকাট্য প্রমাণ আদালতের নথিতে উঠে এসেছে। শিশুদের ওপর চালানো চরম নৃসংশতা এবং প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়টিও আদালত আমলে নিয়েছে। রায়ের পর্যবেক্ষণে ২০১৭ সালের আগস্টে সামরিক অভিযান শুরুর আগের ঘটনাগুলোর কথাও তুলে ধরা হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। বিচারক বলেন, নিজস্ব ভাষা, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিচয়বাহী এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে দেশটিতে বৈষম্যমূলক আচরণ ও বিধিনিষেধের শিকার। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করলেও তাদের নাগরিক অধিকার খর্ব করা হয়েছে। সামরিক মদদে বিভিন্ন সময় চালানো বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দিতে ভূমিকা রেখেছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর হওয়া এই নৃশংসতার ঘটনাগুলোর যথাযথ তদন্ত করতে ব্যর্থ হয়েছে। বরং প্রয়োজনীয় তথ্য প্রদান ও সাক্ষীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে দেশটি বারবার অস্বীকৃতি জানিয়েছে, যা রায়ের পর্যবেক্ষণে নেতিবাচকভাবে বিবেচিত হয়েছে। আদালতের মতে, রোহিঙ্গারা একটি সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। তারা নিজেদের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেয়।
রাখাইনে নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) হামলা এবং এর প্রেক্ষাপটে ঘটা অগ্নিসংযোগের বিষয়গুলোও আদালত পর্যবেক্ষণ করেছে। তবে এসব ঘটনার অজুহাতে নিরাপত্তা বাহিনী যে মাত্রায় বেসামরিক প্রাণহানি ও নৃশংসতা চালিয়েছে, তার দায় কোনোভাবেই এড়ানো যায় না। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে, যেখানে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সমর্থন জুগিয়েছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের সেই সামরিক অভিযানের পর প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে যে, তাদের অভিযানটি ছিল সন্ত্রাসবিরোধী। তবে আইসিজে-র এই রায়কে রোহিঙ্গা সংকটের সমাধানে ও আন্তর্জাতিক আইনের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আদালতের এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি সেনা কর্মকর্তার ফৌজদারি অপরাধের বিচার না করলেও, রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতার বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করেছে। তাদের প্রান্তিক অবস্থানে ঠেলে দিয়ে অত্যন্ত অরক্ষিত পরিস্থিতি তৈরি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























