গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অস্থিরতার কারণে আশপাশের বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
বিক্ষোভের সূত্রপাত গত বৃহস্পতিবারের ঘটনায়। সেদিন কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রার এপেক্স লিঞ্জারি পোশাক কারখানার শ্রমিকদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছিল। পুলিশের সেই পদক্ষেপে কয়েকজন শ্রমিক আহত হন। শনিবার সকালে আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন এবং সড়ক অবরোধ করে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছেন, তবে শ্রমিকরা এখনো উত্তেজিত অবস্থায় রয়েছেন। মহাসড়ক অবরুদ্ধ থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে বহু যাত্রী বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।
শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিকরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করলেও মূলত তাদের মূল দাবি হচ্ছে বেতন বৃদ্ধি। তিনি জানান, বর্তমানে ওই এলাকার প্রায় সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























