ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার সকাল নয়টার দিকে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ জেলার ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই বিজিবি, শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। তবে সকাল নয়টার আগেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে এবং শ্রমিকরা দলে দলে রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করেন।
এর আগে গত কয়েকদিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক ও সফিপুরসহ কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে। এসব ঘটনায় ইতিমধ্যে বাসন, কোনাবাড়ী ও কালিয়াকৈর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। মামলাগুলোতে অজ্ঞাতনামা কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। এছাড়া আন্দোলনে অংশ নেওয়া এবং উসকানি দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আকাশ নিউজ ডেস্ক 
























