রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা মোকাবিলায় বিশেষ অভিযান জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সম্প্রতি বিমানবন্দরের কঠোর নজরদারির অংশ হিসেবে গত বৃহস্পতিবার সংস্থাটি তিনটি পৃথক অভিযান চালায়। এসব অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানকৃত পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তদন্তকারী সংস্থাটি জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
একইসঙ্গে তার ব্যাগেজ থেকে কসমেটিকস, ওষুধ এবং বিভিন্ন খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের কাছ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার শুল্কমুক্ত সুবিধায় ছাড় দিয়ে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়, যার মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা। প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়।
একই ফ্লাইটের আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজ তল্লাশিতে ২০০ গ্রাম স্বর্ণের বার এবং ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া গেছে। তার ব্যাগেজ থেকেও ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, চোরাচালানের এসব নতুন কৌশলে ছোট ছোট চালানে পণ্য আনা হচ্ছে, যা রাজস্ব ফাঁকির বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। প্রতিটি চালানের পরিমাণ কম হলেও সামষ্টিকভাবে এর প্রভাব উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























