প্রথাগত ধর্মীয় রীতির পরিবর্তে মানবিকতাকে প্রাধান্য দিয়ে রাজবাড়ীর প্রয়াত নারী আইনজীবী ও নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর পরিবার এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শ্রাদ্ধানুষ্ঠানে অতিথি আপ্যায়নের জন্য নির্ধারিত অর্থ সমাজের কল্যাণমূলক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এরই অংশ হিসেবে ছয়টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী শহরের ‘আনন্দ কুটিরে’ দেবাহুতি চক্রবর্তীর বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়।
সহায়তা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা, রাজবাড়ী ক্যান্সার সোসাইটি, আবোল তাবোল শিশু সংগঠন, বিবেকানন্দ পল্লী বিদ্যালয়, বড়পুল জামে মসজিদ এবং হরিতলা মন্দির। এছাড়া জেমস হালদার নামে এক ব্যক্তিকে তাঁর ব্যক্তিগত চিকিৎসার প্রয়োজনে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেবাহুতি চক্রবর্তীর অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং মানবদরদি জীবনের স্মৃতিচারণ করেন। পরিবারের সদস্যরা জানান, মানুষের সেবাই ছিল তাঁর জীবনের মূল প্রেরণা, আর তাঁর সেই আদর্শকে ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা বলেন, দিদি সব সময় মানুষের কথা ভাবতেন।
স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, রাজবাড়ী নাগরিক কমিটির সম্পাদক ফকির সাহাদৎ হোসেন এবং কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার। এছাড়াও অনুষ্ঠানে রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অ্যাডভোকেট নাজমা সুলতানা ও শায়লা চৌধুরী নেওয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন দেবাহুতি চক্রবর্তীর ভাই ভাস্কর চক্রবর্তী, ধূর্জটি চক্রবর্তী, অমিতা চক্রবর্তী এবং বোন বন্দনা চক্রবর্তী, ঈশানী চক্রবর্তী ও চিন্ময়ী চক্রবর্তী।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর বিকেল ৩টার দিকে ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেবাহুতি চক্রবর্তী পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর ইচ্ছানুযায়ী মরদেহ দান করা হয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে। জীবনভর তিনি রাজবাড়ীর সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে অনন্য অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজবাড়ী জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এছাড়াও শিশুদের সৃজনশীল বিকাশে তিনি ‘আবোল তাবোল’ সংগঠন এবং ক্যানসার রোগীদের সেবায় ‘রাজবাড়ী ক্যান্সার সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। তিনি যেসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সেগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন।
পরিবারের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে তাঁকে সাহসী, সত্যনিষ্ঠ ও সংস্কৃতিমনা ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর বহুমুখী কর্ম ও প্রগতিশীল জীবনদর্শনের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রচলিত পারলৌকিক আনুষ্ঠানিকতার বাইরে এসে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এই অর্থ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাহসী এই নারী নেত্রীর কর্মময় জীবন ও মানবিক দৃষ্টিভঙ্গি রাজবাড়ীর সমাজ ও সংস্কৃতিতে এক অবিস্মরণীয় নজির হয়ে থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 
























