নির্বাচন শেষ হওয়ার পর সাধারণত পোলিং এজেন্টদের সাথে জয়ী প্রার্থীরা আর খুব একটা যোগাযোগ রাখেন না। তবে এই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি নির্বাচনে নিজের পক্ষে কাজ করা এজেন্টদের সাথে সরাসরি কথা বলেছেন।
এতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা কর্মীদের সম্মান জানাতে প্রায় দুই হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। গরু জবাই করে পোলাও ও মাংস রান্নার মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল, যা কয়েক দফায় পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা একে একে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন, যা প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন।
এজেন্টদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভোটের দিন সব দায়িত্ব যাদের হাতে সঁপে দিয়েছিলেন, তারাই নির্বাচনের মূল ভিত্তি। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যারা বিশ্বস্ততার সাথে সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মাঠে ছিলেন, তাদের সাথে সরাসরি যোগাযোগ ও সাক্ষাৎ না হওয়াটা তার কাছে গ্রহণযোগ্য নয়। এজন্যই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সাধারণ ভোটাররা এজেন্টদের কথা ও প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই তাকে নির্বাচিত করেছেন। তিনি এজেন্টদের ফোন নম্বরগুলো লিপিবদ্ধ করেছেন এবং ভবিষ্যতে তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। টাঙ্গাইলকে উন্নয়নের দিক দিয়ে আগামী পাঁচ বছরে দেশের এক নম্বরে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। দলীয় নেতাকর্মীরা এই উদ্যোগকে তৃণমূলের কর্মীদের যথাযথ মূল্যায়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। পুরো আয়োজনে শৃঙ্খলা বজায় রাখতে নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।
উক্ত মতবিনিময় সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























