দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা থেকে আগত কবি নজরুল ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (উপসচিব) একেএম আল-আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন আহমেদ রয়েল।
আলোচনা পর্বে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান বক্তব্য দেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লাল মিয়া। বক্তারা কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বিশেষ জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে একটি বৈষম্যহীন সমাজ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নজরুলের সাম্যবাদী আদর্শ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক এবং পথপ্রদর্শক।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের স্মারক উপহার প্রদান করা হয়। এছাড়া সংগীত প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং সাহিত্য পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রভাষক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় এই আয়োজনে নজরুলের জীবনদর্শন ও শিল্পকলা চর্চার নানা দিক ফুটে ওঠে।
আকাশ নিউজ ডেস্ক 






















