দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাপের কামড়ে লগেন হাসদা (৫৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এলাকায় সাপ বিক্রি, খেলা দেখানো এবং সাপে কাটা রোগীর চিকিৎসা করে আসছিলেন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাছান মো. ছালাহ উদ্দিন জানান, সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে পাশের গ্রামে খেলা দেখানোর উদ্দেশ্যে বস্তা থেকে সাপ বের করছিলেন লগেন হাসদা। এ সময় একটি বিষধর সাপ তাঁর হাতে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























