সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার জানিয়েছেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিরাজগঞ্জের পুঠিয়াবাড়ি গ্রামের আলম শেখ, পুস্তিগাছা দক্ষিণপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া আকন্দ এবং চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকার বাসিন্দা সাকির আলী ও রেজাউল করিম। তাদের বিরুদ্ধে দায়ের করা আলাদা তিনটি মামলার বিস্তারিত শুনানির পর আদালত এই রায় দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ৫ মে সিরাজগঞ্জ জেলখানা ঘাট এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ আলম শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২০১৫ সালের ৭ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রাম থেকে ৬০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয় বাচ্চু মিয়াকে। এ ছাড়া ২০১২ সালের ২২ মার্চ যমুনা সেতুর পশ্চিম পাড়ে তল্লাশি চালিয়ে ৫১৭ বোতল ফেনসিডিলসহ সাকির আলী ও রেজাউল করিমকে আটক করা হয়েছিল। এ ছাড়া ২০১২ সালের ২২ মার্চ দুপুরে যমুনা সেতুর পশ্চিম পাড়ের গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ।
উল্লেখিত প্রতিটি ঘটনার পর সংশ্লিষ্ট থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিচারক আসামিদের বিরুদ্ধে এই চূড়ান্ত রায় প্রদান করলেন।
আকাশ নিউজ ডেস্ক 






















