বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল। তিনি জানান, ঘটনাস্থলের খুব কাছে থেকেই মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে উদ্ধার হওয়া বাইকটি তাহসিফের কিনা, তা নিশ্চিত করতে আরও যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।
তদন্ত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের এক ব্যক্তির সঙ্গে তাহসিফ বাসা থেকে বেরিয়েছিলেন। এর পরপরই তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে পিবিআই ঢাকা মেট্রো উত্তর দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পিবিআই প্রধান মোস্তফা কামাল জানিয়েছেন, দীপকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছে না সংস্থাটি।
আকাশ নিউজ ডেস্ক 




















