সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ১২২ নম্বর চরঘুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মূল শিক্ষকদের বদলে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় বিদ্যালয়টির তিন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অভিযুক্ত শিক্ষকেরা হলেন—রফিকুল ইসলাম, জান্নাত আরা এবং লাভলী খাতুন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পাঠদানে নামিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্লাস করানো হতো। প্রাথমিক তদন্তে এই অনিয়মের সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন নোটিশ জারির কথা জানান। চিঠিতে অভিযুক্তদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক উত্তর দিতে না পারলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























