ইসলামের পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা এবং পবিত্রতা নষ্ট করাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে এ সতর্কবার্তা দিয়েছেন গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শেখ আবদুর রহমান আল সুদাইস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মক্কা ও মদিনার সুরক্ষা কোনোভাবেই লঙ্ঘনের সুযোগ নেই। আল সুদাইসের ভাষ্যমতে, এসব হামলা হুতিদের অপরাধমূলক কৌশল এবং মুসলিম উম্মাহ ও তাদের পবিত্র স্থানগুলোর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাবের প্রতিফলন। তার মতে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়বদ্ধতা ইসলামি আইন এবং আন্তর্জাতিক মানবিক নীতিমালার অংশ, যা এসব হামলায় সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর এ কঠোর অবস্থান ব্যক্ত করা হয়। এসব স্থানে হামলা চালানো সেই বিধানের স্পষ্ট লঙ্ঘন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পশ্চিমাঞ্চলের মক্কার ওয়াদি আল মুগাম্মাস, জেদ্দার আল নুজহা, তাইফের ওয়াদি জলিল এবং রাবিগের মাসতুরা এলাকায় ছড়িয়ে পড়লে সিভিল ডিফেন্স উদ্ধার ও নিরাপত্তার কাজ চালায়। আল সুদাইস দেশটির প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতার ভূয়সী প্রশংসা করে বলেন, এসব হামলা সৌদি আরবের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না; বরং পবিত্র স্থান ও হাজিদের সুরক্ষার সংকল্প আরও দৃঢ় হবে। তবে হুতি বিদ্রোহীরা মক্কা ও মদিনায় হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে একে ‘বড় ধরনের মিথ্যা’ দাবি করেছে। সৌদি আরবের অভিযোগকে তারা ‘বড় ধরনের মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে।
অন্যদিকে, রিয়াদজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার ভোরে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব হামলা প্রতিহত করার সময় রাজধানী রিয়াদে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো জরুরি সতর্কবার্তায় শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি সম্পর্কে জানিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১টার কিছু পর এবং রোববার ভোর ৫টার দিকে রিয়াদ লক্ষ্য করে দুটি সশস্ত্র ড্রোন প্রতিহত করা হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, রাজধানী অভিমুখে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশেই ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জোট জানায়, সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। একইসাথে দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরে ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি বাহিনী। এছাড়া আবহা ও নামাস গভর্নরেট এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। খামিস মুশাইতের এক বাসিন্দা জানিয়েছেন, সকাল থেকে গোলাবর্ষণের তীব্রতায় বিস্ফোরণের শব্দে সবকিছু কাঁপছে। এএফপির একজন সাংবাদিক জানান যে, তিনি রাজধানীতে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















