মুম্বাইয়ে আয়োজিত বলিউড মিউজিক প্রজেক্টের মঞ্চে পারফরম্যান্সের মাঝপথে মাইক্রোফোন ও অডিও সরঞ্জাম বন্ধ করে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এই কনসার্টে ‘বেশরম রং’খ্যাত জনপ্রিয় গায়িকা শিল্পা রাও এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন। আয়োজকদের এমন অসম্মানজনক আচরণে ক্ষুব্ধ হয়েছেন গায়িকা এবং সেখানে উপস্থিত তার অসংখ্য ভক্ত।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৪৫ মিনিট পিছিয়ে যায়। এর ফলে সময় মেলাতে গিয়ে আয়োজকরা শিল্পা রাওয়ের পরিবেশনা অসমাপ্ত রেখেই তার মাইক্রোফোন ও সাউন্ড সিস্টেম বন্ধ করে দেন। সে সময় শিল্পা দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মঞ্চে দ্রুত আরেক শিল্পী কুতলে খানের পারফরম্যান্স শুরু হওয়ায় তাকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়।
নিজের অনুভূতির কথা জানিয়ে শিল্পা রাও এক বিবৃতিতে বলেন, “মুম্বাই, আজ রাতে আমার হৃদয়ের একটি ছোট্ট অংশ ভেঙে গেছে। আমাদের সুন্দর একটি মুহূর্ত এভাবে কেড়ে নেওয়ায় আমি ভীষণ কষ্ট পেয়েছি। গান থেমে গেলেও আপনারা থামেননি, বরং বারবার আমার নাম ধরে ভালোবাসা জানিয়েছেন। আজকের এই অসমাপ্ত গল্পের জন্য আমি দুঃখিত, তবে কথা দিচ্ছি আমি আবার ফিরে আসব।”
এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ—“জাস্টিসফরশিল্পারাও” ট্রেন্ড শুরু করেছেন ভক্তরা। দর্শক ও নেটিজেনরা আয়োজকদের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে এটিকে একজন প্রতিষ্ঠিত শিল্পীর প্রতি চরম অসম্মান বলে মন্তব্য করেছেন। ভক্তদের অভিযোগ, আয়োজকদের দুর্বল পরিকল্পনার মাশুল দিতে হয়েছে শিল্পীকে।
পরিস্থিতি বেগতিক দেখে পরে আয়োজক কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। তারা জানান, অনুষ্ঠানের আগের পারফরম্যান্সগুলো দীর্ঘ হওয়ার ফলে সূচিতে বিপর্যয় ঘটে। এছাড়া স্থানীয় প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা কঠোরভাবে মানতে বাধ্য হওয়ায় তারা শিল্পার পারফরম্যান্স দীর্ঘায়িত করতে পারেননি। তারা শিল্পা রাওয়ের প্রতি শ্রদ্ধা ও তাকে শিল্পী তালিকায় রাখতে পারাকে সম্মানজনক বলে দাবি করেন এবং পুরো বিষয়টি নিয়ে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে ‘আনওয়ার’ চলচ্চিত্রের ‘তোসে নায়না’ গানের মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন শিল্পা রাও। এরপর ‘খোদা জানে’, ‘ঘুনঘুর’, ‘বুল্লেয়া’, ‘চালেয়া’ ও ‘বেশরম রং’-এর মতো অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ‘চালেয়া’ গানের জন্য তিনি শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
আকাশ নিউজ ডেস্ক 























