আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শেষ করবে যখন তারা নিশ্চিত হবে যে, দেশটি আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। মঙ্গলবার ওভাল অফিসে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি। খবর-বিবিসি
সাংবাদিকদের সাথে আলাপের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ হতে পারে। সেটি দুই বা তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।
তিনি বলেন, গত মাসের শেষ দিকে ইসরায়েলের সাথে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছিল, সেই লক্ষ্য অর্জিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই ইরান থেকে সরে যাবে’ এবং মার্কিন সামরিক অভিযান ‘দুই বা তিন সপ্তাহের মধ্যেই’ শেষ হতে পারে। তিনি বলেন, গত মাসের শেষ দিকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া বিমান হামলার আগে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অর্জন করেছে। তার মতে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা সীমিত করার প্রধান লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন তারা ‘কাজটি পুরোপুরি শেষ করছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের আকাশসীমায় আধিপত্য বিস্তার করেছে এবং বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যার মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তনও ঘটিয়েছে। তিনি তেহরানের নতুন নেতাদের ‘আগের তুলনায় কম উগ্র’ এবং ‘আরও যুক্তিসঙ্গত’ বলে বর্ণনা করেন। তার দাবি, ইরানের নেতারা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য ‘অনুনয় বিনয় করছে, যদিও ইরান এর আগেই এমন দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প অবশ্য এও বলেছেন যে, দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি ছাড়াও এই যুদ্ধ শেষ হতে পারে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক কার্যক্রম শেষ করলেই দাম কমে আসবে।
অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ শেষ হওয়া নিয়ে ইরানের সাথে আলোচনা চলছে এবং যুদ্ধ বন্ধের বিষয়টি অনেকটাই দৃশ্যমান। কালক্ষেপণ করতে কোন ধরনের আলোচনা করে সময় নষ্ট করার বিষয়টিও ট্রাম্প মানবেন না বলেও জানান মি. রুবিও। যদিও রুবিও যুদ্ধ বন্ধের কোনো সময়সীমার কথা উল্লেখ করেন নি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে।
তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর আগে বলেছেন, যদি প্রতিপক্ষরা নিশ্চিত করে আবার সংঘাত হবে না তাহলেই কেবলমাত্র যুদ্ধ শেষ করার ব্যাপারে তেহরান আগ্রহ দেখাতে পারে।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোরও কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি যুক্তরাজ্যসহ অন্যান্য দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা যেন হরমুজ প্রণালী থেকে নিজেরাই তেল সংগ্রহ করে, যুক্তরাষ্ট্র আর তাদের সাহায্য করতে পারবে না। ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন। মঙ্গলবার বৈরুতের ঠিক বাইরে খালদে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে, হোয়াইট হাউস:
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানে যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলজাজিরা জানায়, তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, ইরানে এ অভিযান মোট চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। এখনও এটাই তাঁর (ট্রাম্প) অভিমত।’
চীন ও পাকিস্তানের পাঁচ প্রস্তাব:
মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া তীব্র যুদ্ধ বন্ধে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে চীন ও পাকিস্তান। এসব প্রস্তাবে অবিলম্বে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে। ইরানের ইস্পাহানে গোলাবারুদের ডিপোতে যুক্তরাষ্ট্রের ৯০০ কেজি ওজনের বাঙ্কার ব্লাস্টার বোমা ও ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে এ গুরুত্বপূর্ণ অগ্রগতি এলো। এদিন কুয়েতের তেলবাহী একটি ট্যাঙ্কারেও ড্রোন হামলা হয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
ইরানে হামলার একটি ফুটেজ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওই স্থাপনা থেকে বড় আগুনের কুণ্ডলী ওপরে উঠতে দেখা যায়। তিনি জানান, ২৩ লাখ বাসিন্দার শহর ইস্পাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের গোলাবারুদের ডিপোতে এ হামলা চালিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বদর সামরিক স্থাপনাও।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, মিসর, সৌদি আরব ও তুরস্কের মধ্যস্থতার মধ্যে এ হামলায় যুদ্ধের তীব্রতা বাড়ার শঙ্কা রয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, দেশজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় ৯০ হাজারের বেশি আবাসিক ইউনিট, ৩০৭টি স্বাস্থ্য ও চিকিৎসাকেন্দ্র ও ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালায় ইরান। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। দুবাইয়ে কুয়েতের জ্বালানিবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। কুয়েতের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, গত সোমবার রাতে দু্বাইয়ের জলসীমায় ড্রোন হামলার জেরে ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড ঘটে।
ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশের কঠোর সমালোচনায় ট্রাম্প:
ইরানের সঙ্গে যুদ্ধে ব্রিটেনসহ ইউরোপীয় মিত্রদের পাশে না পেয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য গার্ডিয়ান জানায়, গতকাল মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ‘যুক্তরাজ্যের মতো দেশগুলোকে সাহস দেখিয়ে হরমুজে গিয়ে জ্বালানি তেল’ আনতে বলেন। ট্রাম্প লিখেছেন, ‘কীভাবে নিজের জন্য লড়তে হবে, সেটা এখন তোমাদের শিখতে হবে। সেখানে যুক্তরাষ্ট্র আর তোমাদের সহযোগিতা করার জন্য নয়, যেমনটা তোমরা আমাদের সহায়তা করছ না।’
মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে মার্কিন প্যারাট্রুপাররা:
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে। গত সোমবার দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করেছে। তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও ‘স্পেশাল অপারেশনস ফোর্স’-এর সঙ্গে যুক্ত হবে। গত সপ্তাহান্তে আড়াই হাজার সেনাসদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরানোর এটাই সময়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আব্বাস আরাঘচি জানান, তাঁর দেশ সৌদি আরবকে ‘সম্মান’ করে এবং একটি ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের অভিযানগুলো সেসব ‘শত্রু ও আগ্রাসনকারীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। বিবিসি লিখেছে, পোস্টে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি মার্কিন উড়োজাহাজের ছবিও জুড়ে দেন আব্বাস আরাঘচি।
আকাশ নিউজ ডেস্ক 










