আকাশ জাতীয় ডেস্ক:
গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট কোম্পানি লিমিটেডের (গ্যাটকো ) দুর্নীতি মামলা কেন বাতিল করা হবে না এমন নোটিশ খারিজ করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আদালত রায়ে বলেছেন, অপরাধে খালেদা জিয়াসহ আসামিদের প্রাথমিক সত্যতা মিলেছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেছিলেন। এই বিচারপতিদের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বুধবার রায়টি প্রকাশ করা হয়েছে।
গ্যাটকো মামলা বাতিলে দুই আসামি সৈয়দ গালিব ও সৈয়দ তানভীরের আবেদন খারিজ করে হাইকোর্ট বলেছেন, ‘অনভিজ্ঞ ও অদক্ষ কোম্পানিকে কাজ পাইয়ে দিয়েছিলেন খালেদা জিয়া। আর এতে সুবিধা নিয়েছিলেন আরাফাত রহমান কোকো।’
আদালত এই রায়ের পর্যবেক্ষণে আরও বলেন, ‘এ মামলায় খালেদা জিয়াসহ বাকিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা মিলেছে।’
২০১৮ সালের ২৫ নভেম্বর দেওয়া রায়ে হাইকোর্ট আসামিদের দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে নিম্ন আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকার তেঁজগাও থানায় গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















