২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবইয়ের খসড়া অনুমোদন করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলো চূড়ান্ত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত দুটি পৃথক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ নামে দুটি বই অনুমোদন করা হয়েছে। একইসাথে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক দুটি নতুন বইয়ের অনুমোদন দেওয়া হয়।
চতুর্থ শ্রেণির বই অনুমোদনের সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই অনুমোদনের পৃথক সভায়ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। এই সভায়ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন ও প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খানসহ এনসিসিসি’র অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 




















