আকাশ জাতীয় ডেস্ক:
করোনা ভাইরাস পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে যেন আগের চাকরিতে পুর্নবহাল হতে পারেন, সেজন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা গ্রহণের নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সোমবার (২৭ এপ্রিল) তিনি মধ্যপ্রাচ্যের ১১ রাষ্ট্রদূত ও মিশন প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নির্দেশনা দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা এ কনফারেন্সে অংশ গ্রহণ করেন।
কনফারেন্সে করোনার এই পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কেউ যদি ফেরত আসেন, তাহলে যেন তারা ন্যায্য বেতন ও ভাতা পান, সে বিষয়ে প্রযোজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে বললেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি বলেন, আমরা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেব।
ড. মোমেন প্রবাসী বাংলাদেশিদেরও দুর্দশাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সব প্রবাসীকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সব বৈদেশিক মিশনের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















