দেশ-বিদেশের লেখক, পাঠক, গবেষক ও বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়েতের মিশরেফ এলাকার আন্তর্জাতিক ফেয়ারগ্রাউন্ড। বুধবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করা হয়। ফেয়ারগ্রাউন্ডের ৫, ৬ ও ৭ নম্বর হলে আয়োজিত এই বিশাল বইমেলা এখন সাহিত্য ও সৃজনশীলতার মিলনকেন্দ্রে পরিণত হয়েছে।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর পক্ষ থেকে মেলার উদ্বোধন করেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ওমর আল-ওমর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের সংস্কৃতিমন্ত্রী শেখ আবদুর রহমান বিন হামাদ আল-থানি। এবারের আসরে কাতারকে ‘সম্মানিত অতিথি দেশ’ হিসেবে নির্বাচিত করা হয়েছে, যা দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গভীরতাকেই প্রকাশ করে। এছাড়া কুয়েতের সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. খলিফা আল-ওয়াকায়ানকে এবারের মেলায় ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে ভূষিত করা হয়েছে। এর মধ্য দিয়ে কুয়েত ও কাতারের ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকরা।
ন্যাশনাল কাউন্সিল ফর কালচার, আর্টস অ্যান্ড লেটার্সের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় ৩৪টি দেশের ৫৯২টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। মেলায় প্রদর্শিত শিরোনামের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ২০২৬ সালে প্রকাশিত নতুন বই রয়েছে ২২ হাজারেরও বেশি। এছাড়া ছোট পাঠকদের জন্য সাজানো হয়েছে ৪২ হাজারের বেশি বইয়ের সংগ্রহ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ওমর আল-ওমর কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করেন। তিনি জানান, রাষ্ট্রের এই সর্বোচ্চ সমর্থন কুয়েতের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে বিশ্বমঞ্চে পরিচিত করতে সহায়ক হচ্ছে। মন্ত্রী আরও বলেন, প্রযুক্তির যুগেও বইয়ের গুরুত্ব বিন্দুমাত্র কমেনি। বরং একটি আধুনিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা নতুন প্রজন্মের জন্য অপরিহার্য। একটি সৃজনশীল, জ্ঞানভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গঠনে সাহিত্য, সংস্কৃতি এবং বইপড়ার অভ্যাসের বিকল্প নেই।
বইমেলাটি শুধু কেনাবেচার স্থান নয়, বরং জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। প্রতিদিনই এখানে ভিড় করছেন বিভিন্ন বয়সের পাঠক ও দর্শনার্থীরা। আয়োজকদের মতে, এবারের মেলা প্রকাশনা শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলবন্ধন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাষ্ট্রীয় নেতৃত্বের এই সহযোগিতা কুয়েতের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সাহিত্য ও সংস্কৃতির পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ বই মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটায় এবং একটি আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আকাশ নিউজ ডেস্ক 
























