বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা রাস্তায় নেমে এসে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়লে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এদিকে চলমান পরিস্থিতির কারণে মৌচাক ও এর আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আকাশ নিউজ ডেস্ক 
























