সৌদি আরবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার দায়ে এস্থার ওয়ানজা মুথোনি নামের এক কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা বা বেত্রাঘাতের আদেশ দিয়েছে দেশটির আদালত। শরিয়াহ আইনের আওতায় ব্যভিচারকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার শাস্তি হিসেবে এই বেত্রাঘাতের বিধান রয়েছে। মুথোনি জানান, তিনি এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন। সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান।
সৌদি আরবে অনেক নারী গ্রেপ্তারের ভয়ে বাড়িতে গোপনে সন্তান প্রসব করেন। তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ায় মুথোনির ঘটনাটি প্রকাশ্যে আসে। দেশটির হাসপাতালগুলোতে অবিবাহিত মায়েদের বিষয়টি পুলিশকে জানানো বাধ্যতামূলক। গত মাসে এই রায় ঘোষণার পর দ্য নিউইয়র্ক টাইমসকে মুথোনি জানান, তিনি এই সাজা পাওয়ার যোগ্য নন এবং বেত্রাঘাত সহ্য করতে পারবেন কি না তা নিয়ে চরম আতঙ্কে রয়েছেন।
এই রায়ের কড়া সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি বলেন, এই সাজা কার্যকর না করে গৃহকর্মী মুথোনিকে তাঁর দেশে ফেরত পাঠানো উচিত। তাঁর মতে, সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়নের যে দাবি, এই রায় তার সঙ্গে সাংঘর্ষিক। এদিকে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ডু বোল্ড’ জানিয়েছে, সাজা কার্যকর হওয়ার পর মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো হতে পারে। তবে এ সাজাকে নারীর প্রতি ‘সহিংসতা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
সৌদি আরব ২০২০ সালে বিচারকদের নিজস্ব বিবেচনায় শাস্তি প্রদানের ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিল করলেও হুদুদ-সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে তা বহাল রাখা হয়। ‘ডু বোল্ড’ আরও জানায়, দেশটিতে প্রচলিত কঠোর কাফালা-ব্যবস্থার কারণে লাখ লাখ নারী গৃহকর্মী মানবেতর পরিস্থিতিতে কাজ করছেন। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা তাঁদের পাসপোর্ট জব্দ করে রাখেন এবং কঠোর নজরদারিতে রাখেন, যার ফলে তারা আইনি সহায়তা পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হন।
আকাশ নিউজ ডেস্ক 
























