ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকায় তারা সড়ক অবরোধ শুরু করেন। একপর্যায়ে সফিপুর ও রতনপুরসহ আশপাশের কারখানার শ্রমিকরাও মহাসড়কে নেমে এসে বিক্ষোভের তীব্রতা বাড়ান। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের দিকে আসতে থাকেন।
বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে ৫ প্লাটুন বিজিবি সদস্য কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শিল্প পুলিশের সঙ্গে কাজ শুরু করেছেন। তিনি আরও জানান, স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 






















