পিরোজপুরের কাউখালীতে ফুটপাত ও জনপথ অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো এবং অবাধে গবাদিপশু বিচরণের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার পুলিশ সদস্যদের সহায়তায় এই অভিযান চালান। হাটের দিনে চলাচলের পথ দখল করে কিছু অসাধু ব্যবসায়ীর দোকান বসানোর ফলে সাধারণ মানুষ ও ক্রেতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন। বিষয়টি ২৩ অক্টোবর বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এতে বাজারে আসা সাধারণ ক্রেতা ও ভোক্তারা স্বাভাবিকভাবে কেনাকাটা ও চলাচল করতে পারেন না। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউখালী থানা পুলিশের একটি দলের সহযোগিতায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪৯(১)(ট) ধারা অনুযায়ী ফুটপাত দখল করার দায়ে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিতরা হলেন দক্ষিণ বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন, বিপুল এবং বাপ্পি। অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ দখলদারদের কঠোর সতর্ক করে বলেন, সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে কোনোভাবেই দখলদারি চলতে দেওয়া হবে না। তিনি দ্রুত নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং পুনরাবৃত্তি করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
পাশাপাশি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৮ ধারা লঙ্ঘন করে প্রকাশ্যে গবাদিপশু বিচরণের দায়ে মো. হালিম নামে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, হাটবাজারের শৃঙ্খলা ভঙ্গ, অবৈধ দখল কিংবা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির মতো বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 






















