ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুতই সমাপ্তি ঘটবে বলে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবির কথা জানান। তবে সংঘাত অবসানের সময়সীমা কিংবা পদ্ধতি নিয়ে কোনো বিস্তারিত রূপরেখা প্রকাশ করেননি তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে জানান, এই যুদ্ধ দ্রুত গুটিয়ে আনা হবে। তবে তিনি একটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন—ইরান যেন কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে। পারমাণবিক অস্ত্র রোধে যুক্তরাষ্ট্র শতভাগ নিশ্চয়তা চায় বলে তিনি উল্লেখ করেন।
এদিকে ইরানের ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়ে ভিন্নমুখী তথ্য সামনে আসছে। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রশাসন দুটি বিপরীতমুখী পরিকল্পনা নিয়ে ভাবছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী সময়ে ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে পর্যালোচনার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভিন্ন পথে হাঁটছেন। তিনি একটি নতুন শান্তি কাঠামো তৈরির মাধ্যমে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ খোঁজার চেষ্টা করছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















