ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তার বাবা সরদার সুলতান মাহমুদও সাবেক সংসদ সদস্য ছিলেন।
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, হামলা ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এরপর ২৭ অক্টোবর যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ রাখা হয়েছে। তবে চূড়ান্ত বাছাইয়ে একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এই উপনির্বাচনকে কেন্দ্র করে গত ১৬ অক্টোবর থেকে দলীয় মনোনয়ন প্রক্রিয়া শুরু করে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন। দলীয় মনোনয়নের দৌড়ে থাকা এলিজা জামান এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ার আগ্রহ দেখিয়েছিলেন। তবে গত ১২ জানুয়ারির ওই নির্বাচনে তিনি শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি। এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনে ধানের শীর্ষ প্রতীকে ভোট করতে চেয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 























