তিন দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) ঢাকায় পা রাখছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। তিনি জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। মূলত বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করাই তার এই সফরের প্রধান লক্ষ্য।
জার্মান দূতাবাস থেকে শনিবার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বর্তমানে এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে। এই সন্ধিক্ষণে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহনশীলতা অর্জনে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনা প্রথাগত সহায়তার গণ্ডি পেরিয়ে নতুন উন্নয়ন চাহিদার দিকে আলোকপাত করবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, ড. কফলার ঢাকায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি চট্টগ্রামের বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যাবেন। তার এই সফর টেকসই উন্নয়নের ক্ষেত্রে জার্মানির দীর্ঘদিনের প্রতিশ্রুতি ও অব্যাহত সহায়তার প্রতিফলন বলে দূতাবাসের ভাষ্য।
ঢাকায় অবস্থানকালে ড. কফলার জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ বা জার্মান ঐক্য দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলনের ঐতিহাসিক এই দিবসটি স্মরণ করে আয়োজিত অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, কূটনৈতিক কোরের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
আকাশ নিউজ ডেস্ক 



















